নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২৬
০৮:৫০ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২৬
০৮:৫০ অপরাহ্ন
হযরত শাহজালালের (রহ.) বার্ষিক ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে।
আজ বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এ গিলাফ ছড়ান।
গিলাফ ছড়ানো শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র এই ওরস উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে। আমি তাঁর প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে বার্ষিক ওরস উপলক্ষে গিলাফ ছড়ানোর এই আয়োজন একটি দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতি বছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত ওরসের সূচনালগ্নে গিলাফ ছড়ানোর মাধ্যমে মূল কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এএফ/০৩