মোটরসাইকেলে করে সিলেট আসার পথে দুর্ঘটনায় নিহত ২

সিলেট মিরর ডেস্ক


মে ২৬, ২০২৬
০১:৫২ অপরাহ্ন


আপডেট : মে ২৬, ২০২৬
০২:০৬ অপরাহ্ন



মোটরসাইকেলে করে সিলেট আসার পথে দুর্ঘটনায় নিহত ২

মোটরসাইকেলের পেছনে গাড়ির ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর


হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিক আহমেদ (২৫) ও আবুল বাশার (৩৫)। আশিক ঢাকার খিলক্ষেত এলাকার মো. সেলিম মিয়া-হাফেজা আক্তার দম্পতির ছেলে। আবুল বাশার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাগবের এলাকার মো. আব্দুল বাতেন-আনোয়ারা বেগম দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে মোটরসাইকেলে করে আশিক ও আবুল বাশার সিলেটের উদ্দেশে রওনা দেন। পথে নোয়াপাড়া সাহেবনগর গেট এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে আবুল বাশার মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জিসি / ০৩