নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬
০৪:৪৬ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৮, ২০২৬
০৪:৪৬ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালেকের বাড়ি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে।
আজ শনিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশে আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত সংসদ সদস্যের বাড়ির টিনের চালে পেট্রলবোমা ছুড়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় বাড়িতে সংসদ সদস্য এম. এ. মালেক ও তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। তবে আগুন দ্রুত নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সংসদ সদস্য আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ একটা বিকট শব্দ হয়। তখন আমার সিকিউরিটি গার্ডরা (দুই জন) দ্রুত বের হয়ে দেখে পিকআপে করে এসে পেট্রোল বোমা মেরেছে। বাসায় ফায়ার ডিস্টিংউইশার থাকায় রক্ষা হয়েছে। সেগুলো ব্যবহার করে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’ এ হামলা নতুন নয় জানিয়ে তিনি বলেন, ‘এর আগেও তাদের সরকারের সময় (আওয়ামী লীগ) তারা এ বাড়িতে হামলা করেছে, ভাংচুর, অগ্নিসংযোগ করেছে, এমনকি বাড়ি থেকে মাটি উঠিয়ে নিয়ে গেছে পর্যন্ত। পরে আমি নতুন করে সব ঠিকঠাক করেছি।’
লন্ডন থেকে সন্ত্রাসী কাজের ফান্ডিং হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘দক্ষিণ সুরমায় বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসীরা এসে এসব কর্মকাণ্ড করে। মূলত যত সন্ত্রাসী চক্রদের কর্মকাণ্ডের জন্য ফান্ডিং করছে আওয়ামী লীগের কে বা কারা। আমি মনে করি, আরেকটা উস্কানি আছে লন্ডন থেকে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আজকের হামলার পর লন্ডন থেকে তারা প্রথম নিউজটি করেছে। অথচ তখন পর্যন্ত আমরা কোনো মিডিয়ার সঙ্গে কথাই বলিনি। এসব তথাকথিত সাংবাদিক কিন্তু মূলত তাদের ব্যাকগ্রাউন্ড তারা আওয়ামী লীগ।’
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম কর্মকর্তা) মো. আফজাল হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।’
সংসদ সদস্যের বাড়িতে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এএফ/০১