সুনামগঞ্জ মেডিকেল কলেজে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

সিলেট মিরর ডেস্ক


জুন ০৮, ২০২৬
০৫:০১ অপরাহ্ন


আপডেট : জুন ০৮, ২০২৬
০৫:০৪ অপরাহ্ন



সুনামগঞ্জ মেডিকেল কলেজে কমপ্লিট শাট ডাউন ঘোষনা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে কমপ্লিট শাট ডাউন ঘোষনা


বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং সামগ্রিক শৃঙ্খলা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ মেডিকেল কলেজ এর শিক্ষার্থীরা ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুরে অবস্থিত মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন এবং বক্তব্য রাখেন প্রথম ব্যাচের রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের মোহাম্মদ সাইদুল ইসলাম ও প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শীর্ষেন্দু বিশ্বাসসহ আরও অনেকে।

বক্তারা জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে, পাশাপাশি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি তুলে ধরা হয়।

শিক্ষার্থীরা আরও জানান, এসব দাবি বাস্তবায়ন না হলে আগামী ৯ জুন থেকে প্রতিদিন সকাল ১১টার পর থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।

জিসি / ০৩