সিলেট মিরর ডেস্ক
জুন ১০, ২০২৬
০২:৫৫ অপরাহ্ন
আপডেট : জুন ১০, ২০২৬
০২:৫৫ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় এক মৃত্তিকাবিজ্ঞানীর স্ত্রী ও অটোরিকশার চালক নিহত হয়েছেন।
আজ বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলেন মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত্তিকাবিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০) এবং বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে অটোরিকশার চালক আক্কাস মিয়া (৩৫)।
হাইওয়ে পুলিশ জানায়, মনোয়ারা বেগম ও তার মেয়েসহ তিন যাত্রীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি নোয়াপাড়ার ফাঁড়িপথ থেকে মহাসড়কে উঠছিল। এ সময় সিলেটগামী একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়।
এতে অটোরিকশার তিন যাত্রী ও চালক আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মনোয়ারা বেগম ও চালক আক্কাস মিয়ার মৃত্যু হয়। আহত অন্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধাঘণ্টা পর উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর ডাম্প ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। ডাম্প ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এএফ/০১