নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলে জয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

খেলা ডেস্ক


জুন ১৫, ২০২৬
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৫, ২০২৬
০২:৩৬ পূর্বাহ্ন



নবাগত কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলে জয়ে বিশ্বকাপ শুরু জার্মানির


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অভিষিক্ত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে রোববার ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে জার্মানরা। ২০১৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেল দলটি।

গ্রুপে জার্মানির সামনে এখনো ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে। তবে ক্যারিবীয় অঞ্চলের ছোট দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের বিপক্ষে এই বড় জয় তাদের নকআউট পর্বে ওঠার পথে শক্ত অবস্থানে নিয়ে গেছে। ২০১৪ সালের পর এবারই প্রথম শেষ ষোলোতে খেলার আশা জাগল জার্মানদের।


পূর্বের খেলার খবর-

ভিনিসিয়ুস জাদুতে মরক্কো বিপদ কাটিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের


ম্যাচের ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার দুর্দান্ত গোলে এগিয়ে যায় জার্মানি। তবে লিভানো কোমেনেনসিয়ার শট জার্মান ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে কুরাসাও। এতে হিউস্টনের স্টেডিয়ামে উপস্থিত কুরাসাও সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তবে চমকের সম্ভাবনা বেশিক্ষণ টেকেনি। নিকো শ্লটারবেক, কাই হাভার্টজ (দুটি), জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও দেনিজ উন্দাভ গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন।

ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে বল পেয়ে এনমেচা বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে গোল করেন। গোলের পর জার্মান কোচ জুলিয়ান নাগেলসমানকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ম্যাচের শুরুতে তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়েননি। তবে কোমেনেনসিয়ার শট ডিফ্লেকশনের মাধ্যমে জালে ঢুকে গেলে গোল হজম করতে হয় তাঁকে। এটি ছিল বিশ্বকাপে নয়্যারের পঞ্চম অংশগ্রহণ, যা জার্মান ফুটবলের ইতিহাসে একটি রেকর্ড।

প্রথমার্ধের ৩৮ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে জার্মানিকে আবার এগিয়ে দেন শ্লটারবেক। এরপর বিরতির আগে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন হাভার্টজ। এনমেচাকে ফাউল করায় পেনাল্টি পায় জার্মানি।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র ৬৯ সেকেন্ড পর যোশুয়া কিমিখের পাস থেকে গোল করেন মুসিয়ালা। এরপর নাথানিয়েল ব্রাউন ও বদলি খেলোয়াড় দেনিজ উন্দাভ গোল করে ব্যবধান আরও বাড়ান।

ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করে ৭-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন হাভার্টজ। এর মধ্য দিয়ে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে হারানোর স্মৃতি আবারও ফিরিয়ে আনল জার্মানি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে এই জয় জার্মানিকে আত্মবিশ্বাসী সূচনা এনে দিয়েছে। তবে গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতেই দলটির প্রকৃত শক্তির পরীক্ষা হবে।



এএফ/০১