জৈন্তাপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ০২, ২০২৬
০৪:৪৭ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০২, ২০২৬
০৪:৪৭ পূর্বাহ্ন



জৈন্তাপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের গোলাগুলি


সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে সীমান্তের ১২৮৭/১ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।

১৯ বিজিবির সূত্র জানা গেছে, সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের দুই রাউন্ড গুলিবর্ষণের পরপরই বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে বিএসএফের গুলিবর্ষণের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির মিডিয়া উইংয়ের কর্মকর্তা বলেন, ‘বিএসএফ-বিজিবির মধ্যে গোলাগুলি হয়নি। ভারতের অভ্যন্তরে শব্দ পাওয়া গিয়েছিল। আমরা ধারণা করছি সেটা গুলির শব্দ। সেক্ষেত্রে আমাদের লোক ছিল সতর্ক অবস্থায়। সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিয়েছে।’ তিনি আরো বলেন, ‘ওরা দুই রাউন্ড গুলি করেছিল আমরাও দুই রাউন্ড গুলি করেছি। ফাঁকা গুলি। কেউ কাউকে উদ্দেশ্য করে গুলি করেনি।’ 

বিএসএফ ঠিক কী কারণে দুই রাউন্ড গুলি ছুড়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। গুলিবর্ষণের সময় সীমান্তে কোনো অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। 


এএফ/০১