সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬
০৭:৫৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২৬
০৭:৫৫ অপরাহ্ন
মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছেছে এফসি বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ৩০ জুন ২০৩০ পর্যন্ত কাতালান ক্লাবটির সঙ্গে থাকবেন এই তরুণ ফরোয়ার্ড।
আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় (সিইএসটি) বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করার কথা রয়েছে। এরপর ক্লাবের কমার্শিয়াল অফিসে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন হামজা।
২০২৬ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনায় যোগ দেন হামজা আবদেলকারিম। শুরুতে মৌসুমের বাকি সময়ের জন্য ধারে খেললেও খুব দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দেন মিশরীয় এই ফরোয়ার্ড।
৮ মার্চ ওস্কার বিপক্ষে ম্যাচে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের হয়ে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচেই গোল করেন হামজা। এরপর মাত্র ছয়টি লিগ ম্যাচে নয়টি গোল করে আলোচনায় উঠে আসেন তিনি।
মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে হ্যাটট্রিকও করেন হামজা। ওই ম্যাচেই বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল ডিভিশন ডি’অনার শিরোপা নিশ্চিত করে।
২০২৬ সালের গ্রীষ্মে হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়ায় বার্সেলোনা। এরপর কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথম দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নেন তিনি। প্রাক-মৌসুমে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতার মর্যাদাও অর্জন করেন এই ফরোয়ার্ড। তার পারফরম্যান্সই প্রথম দলের পরিকল্পনায় তাকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।
অবশেষে ৩১ আগস্ট ২০২৬ রায়ো ভায়েকানোর বিপক্ষে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হয় হামজার। মাত্র কয়েক মাসের মধ্যেই যুব দল থেকে প্রথম দলে উঠে এসে বার্সেলোনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হয়ে উঠেছেন তরুণ এই মিশরীয় ফরোয়ার্ড। ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি তার প্রতি ক্লাবের আস্থারই বড় প্রমাণ।
ওয়াইএফ/০২