ক্রীড়া প্রতিবেদক
মার্চ ০৫, ২০২৬
০৮:১৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২৬
০৮:১৩ অপরাহ্ন
সিলেটের সব ধরণের খেলাধুলার একমাত্র ভরসাস্থল সিলেট জেলা স্টেডিয়াম শুধুমাত্র ফুটবলের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এ ঘটনার প্রতিবাদে এবং এই বরাদ্দ বাতিলের দাবিতে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন সিলেটের ক্রীড়া সংগঠক, বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বরাবর এই স্মারকলিপি তুলে দেন তারা।
পূর্বের সংবাদ- সিলেট জেলা স্টেডিয়াম ফুটবলকে বরাদ্দ দেওয়ার প্রতিবাদে কালো ব্যাচ পরে প্রতিবাদ ক্রিকেটারদের |
এসময় উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেট আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুদ্দোজা বদর, সিলেট জেলা ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষে ফেরদৌস চৌধুরী রুহেল, সাবেক ক্রিকেটার হানিফ আলম চৌধুরী, কামাল পাশা মওদুদ, মুফতি মো. খাবির, সিলেট জেলা ফুটবল ক্লাব সমিতির পক্ষে হাজী মিলাদ আহমদ, সমর চৌধুরী, ফাহিম মোরশেদ বাবু, প্রাক্তন জাতীয় ক্রিকেট কোচ মাহমুদ ইমন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার খালেদ আহমদ, প্রাক্তন ক্রিকেটার শাকিল আহমদসহ বিভিন্ন ইভেন্টের, ক্রীড়া সংগঠক কোচ ও খেলোয়াড়বৃন্দ।
পরে ফেরদৌস চৌধুরী রুহেল গণমাধ্যমকে বলেন, ‘সিলেট জেলার ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত ৪৮টি ক্লাবের ফুটবল হকি ক্রিকেট ভলিবলসহ সব ধরনের ইভেন্ট এই জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে। যেহেতু সিলেটে অন্য কোন স্টেডিয়াম নেই তাই এই জেলা ক্রীড়া সংস্থার একমাত্র অবলম্বন হচ্ছে সিলেট জেলা স্টেডিয়াম। এটা এভাবে ফুটবলের জন্য বরাদ্দ দিলে বাকি খেলাধুলা চালিয়ে নেওয়া সম্ভব হবে না। এ বরাদ্দ দ্রুত বাতিলের দাবি আমাদের।’