দুঃসংবাদ দিল আদানি, আরও বাড়বে লোডশেডিং

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২৬
০২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২৬
০২:৩৩ পূর্বাহ্ন



দুঃসংবাদ দিল আদানি, আরও বাড়বে লোডশেডিং


কয়েক দিন ধরে সারা দেশে চলছে লোডশেডিং। এর মধ্যেই দুঃসংবাদ দিল ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ কোম্পানিটির দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছিল গত ১১ এপ্রিল।

তবে ১১ দিনের মাথায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে যান্ত্রিকত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে ইউনিটটি। এতে দেশে লোডশেডিং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) তথ্যে দেখা যায়, আজ বুধবার দুই ইউনিট থেকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ মেগাওয়াট (১ হাজার ৪৯৯) করে বিদ্যুৎ দিচ্ছিল আদানি। দুপুর ২টায় তা একলাফে নেমে আসে ৭৫০ মেগাওয়াটে।

এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার ৫০০ মেগাওয়াট উঠলেও উৎপাদন বাড়ানো যাচ্ছে না সেই হারে। ফলে ঘণ্টাপ্রতি লোডশেডিং ছাড়িয়ে যাচ্ছে দুই থেকে আড়াই হাজার মেগাওয়াট।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলছিলেন, ‘আদানি জানিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্কসংকেত পাওয়া যাচ্ছিল। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে ওই ইউনিটের উৎপাদন। তিন-চার দিন পর চালু হতে পারে ইউনিটটি।’

ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত ওই বিদ্যুৎকেন্দ্র থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয় ২০২৩ সালের মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় ওই বছর জুনে।


এএফ/০১