সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক


মে ০৩, ২০২৬
১০:১৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২৬
১০:১৩ পূর্বাহ্ন



সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি পিকআপে করে কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

মনজুরুল আলম জানান, দুর্ঘটনায় আহত আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

আরসি-০১