মিড ডে মিলে অনিয়ম: বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

সিলেট মিরর ডেস্ক


মে ১৮, ২০২৬
০৬:১৩ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২৬
০৬:১৩ অপরাহ্ন



মিড ডে মিলে অনিয়ম: বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমে অনিয়ম, নিম্নমানের খাবার সরবরাহ ও অব্যবস্থাপনার অভিযোগের পর এবার কঠোর অবস্থানে গেছে সরকার। শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিদ্যালয়ভিত্তিক তদারকি জোরদারের অংশ হিসেবে মায়েদের সম্পৃক্ত করে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ সোমবার (১৮ মে) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এ নির্দেশনা দেন।

সম্প্রতি বিভিন্ন এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পচা বনরুটি, পচা ডিম, ছোট ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং তা রোধে এই জরুরি সভার আয়োজন করে মন্ত্রণালয়। 

সভায় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে কঠোর নির্দেশনা দিয়েছেন এবং এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা মানহীনতা বরদাশত করা হবে না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।

এ সময় মিড ডে মিল কার্যক্রম পরিচালনায় পাঁচ দফা নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। নির্দেশনায় বলা হয়, অনুমোদিত প্যাকেজিং কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং পূর্বানুমোদন ছাড়া কোনো পরিবর্তন করা যাবে না। সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে পণ্য সরবরাহকারী চালক ও জাতীয় পরিচয়পত্রধারী ব্যক্তি একই হতে হবে এবং সরবরাহের সময় পরিচয় যাচাই বাধ্যতামূলক থাকবে।

এ ছাড়া কোনো অবস্থাতেই সাব-কন্ট্রাক্ট বা উপ-ঠিকাদারি দেওয়া যাবে না বলে জানান তিনি।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অঙ্গীকারনামা জমা দিতে হবে। একই সঙ্গে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিইও) প্রতি মাসে অন্তত দুইবার আকস্মিকভাবে কারখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয় পর্যায়ে গঠিত গার্ডিয়ান কমিটিতে প্রধান শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা সদস্য হিসেবে থাকবেন। এই কমিটি শিক্ষার্থীদের খাদ্যের মান, নিরাপত্তা ও সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে। 

সভায় মিড ডে মিল কার্যক্রমে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশও দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




এএফ/০৪