ভিনিসিয়ুস জাদুতে মরক্কো বিপদ কাটিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

সিলেট মিরর ডেস্ক


জুন ১৪, ২০২৬
০৬:৪৪ পূর্বাহ্ন


আপডেট : জুন ১৪, ২০২৬
০৬:৪৫ পূর্বাহ্ন



ভিনিসিয়ুস জাদুতে মরক্কো বিপদ কাটিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের


মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ব্রাজিলকে। অথচ তিনদিন হয় বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। কিন্তু গড়ালেই কি আর জমে উঠে! মানে দর্শকদের তো চোখ বড় দল আর বড় ম্যাচে। সেজন্য আজ ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে একটা চোখ রাখা ছিল সেই শুরু থেকে। কারণ ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে থাকা দুই দল ব্রাজিল ও মরক্কোর লড়াই। অনেকের মতে, গ্রুপ পর্বে এটাই সবচেয়ে বড় ম্যাচ!

সেই বড় ম্যাচ ১–১ গোলে ড্র হওয়ায় রাত জাগার ক্লান্তি হয়তো পুরোপুরি উসুল হয়নি দর্শকের। ব্রাজিলের সমর্থকদেরও মনটা একটু উসখুশ করার কথা। ভিনিসিয়ুসের পা থেকে উছলে পড়া জাদুতে গোলটি ছাড়া প্রথমার্ধে ‘হরর শো’ দেখায় ব্রাজিল। উল্টো ২১ মিনিটে ইসমায়েল সাইবারির গোলে এগিয়ে যাওয়ার পর জয়ে ‘ফেবারিট’ ছিল মরক্কোই। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। 

আজ রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ম্যাচে দুদলের লড়াই হয়েছে বেশ। 

মরক্কোর হাই প্রেসিংয়ে শুরু থেকেই চাপে পড়ে ব্রাজিলের রক্ষণভাগ। বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক আক্রমণ চালিয়েছে মরক্কো। প্রথম ৩০ মিনিটেই ১২টি শট নেয় তারা। 

ম্যাচের ২১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মরক্কো। ব্রাজিলের রক্ষণভাগের ঠিক মাঝখান দিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস ধরে এগিয়ে যান ইসমাইল সাইবারি। তিনি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন।

গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে ব্রাজিল। ম্যাচের ৩২ মিনিটে লেফট উইং ধরে এগিয়ে যান ভিনি। সেখান থেকে পাস দেন ব্রুনো গিমায়েরেসের কাছে। বক্সে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে মরক্কোর জাল কাঁপান ভিনি। তাতে ১-১ গোলে সমতায় ফিরে ব্রাজিল। 

ম্যাচজুড়ে মাঝমাঠ ভুগিয়েছে ব্রাজিলকে। কাসেমিরো ও লুকাস পাকুয়েতা নিজেদের মেলে ধরতে পারেনি। যার প্রভাব পড়েছে ম্যাচে। এরপরও ভিনিসিয়ুসের করা গোলের সুবাদে ড্র নিয়ে মাঠে ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এএফ/০২