সিলেট মিরর ডেস্ক
জুন ২৩, ২০২৬
০৫:০০ অপরাহ্ন
আপডেট : জুন ২৩, ২০২৬
০৫:২৭ অপরাহ্ন
হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে এক হাজার ১৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, মৌলভীবাজার ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৬৮৬ জনের মৃত্যু হয়েছে।
এদিকে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে শনাক্ত হয়েছে ১২৬ জনের। পাশাপাশি এই সময়ে আরও ১০০৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ৯৪ হাজার ৭৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ২৯৭ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮ হাজার ৭১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৭৪ হাজার ৯৭১ জন ছাড়পত্র পেয়েছেন।
জিসি / ০২