সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৩, ২০২৬
০৩:০৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৬
০৩:০৩ অপরাহ্ন
র্যাবের নতুন নাম 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশেষায়িত এই ইউনিটটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে র্যাব নতুন নামেই পরিচিতি পাবে। তবে এ সংক্রান্ত আদেশ জারির পরই নতুনভাবে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি আরও জানালেন, বিশেষায়িতে এই ইউনিটের পোশাকেও পরিবর্তন আসছে। ইতোমধ্যেই পোশাক বানানো শুরু হয়েছে, পরবর্তী সপ্তাহে নতুন পোশাকে এসআইএফ সদস্যদের দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে।
অনেকে 'র্যাব' নামটিকে খারাপ মনে করতো বলে এ সময় মন্তব্য করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
এদিকে, জাহাঙ্গাীর আলম চৌধুরী নিবার্চন প্রসঙ্গেও এ সময় কথা বলেন। তিনি দাবি করেন, খুব ভালোভাবে নির্বাচন হবে, এক্ষেত্রে কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। নির্বাচন সুষ্ঠ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে।
এছাড়া, এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বৃদ্ধি পাওয়ায় নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না বলে মনে করেন তিনি।
জিসি / ০১